জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

সাবেক রাষ্ট্রপতি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে দুদিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। শেরেবাংলা নগরে জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাকর্মীরা। কেন্দ্রের পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। প্রকাশ করা হয় বিশেষ পোস্টার ও ক্রোড়পত্র।

অন্যদিকে, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিনামূল্যে চিকিত্সা সেবা দিয়েছে দলের সহযোগী সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সকাল ১১টা থেকে চিকিত্সা সেবা দেওয়া শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন।