ময়মনসিংহের গৌরীপুরে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে শিশুদের ঝগড়ায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল এক পিতার। ছেলের সঙ্গে প্রতিবেশীর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত পিতা আরিফুল ইসলাম হীরা (৩৫) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রবিবার মারা যান। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। নিহত হীরা গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া এলাকার।
হীরার ছোটো ভাই আশিকুল ইসলাম মানিক জানান, ১২ জানুয়ারি তার বড়ো ভাইয়ের ছেলে জিহান (৮) কে প্রতিবেশী লাল মিয়ার ছেলে পিয়েল (১৩) খেলাধুলা করার সময় মারধর করে। এ নিয়ে ঐদিন সন্ধ্যায় লাল মিয়ার সঙ্গে হীরার তুমুল বাকবিতণ্ডা হয়। পরে রাত ১১টার দিকে হীরা বাড়ি ফেরার পথে লাল মিয়ার নেতৃত্বে ছয় জন রামদা নিয়ে হীরার ওপর অতর্কিতে হামলা চালিয়ে তাকে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ সময় তাকেও (মানিক) রক্তাক্ত জখম করা হয়।
তিনি আরো বলেন, আহত হীরা ও তাকে ঐদিন রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হীরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখান থেকে তাকে একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে রাখা হয়। রবিবার ভোর ৪টার দিকে সেই হাসপাতালে মারা যান হীরা। স্থানীয় লোকজন জানান, ঘটনার পর থেকে হামলাকারী প্রতিপক্ষের লোকজন পলাতক রয়েছে।
ঘটনার খবর পেয়ে রবিবার সকালে হীরার বাড়িতে যান গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, ১২ জানুয়ারি সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছিলেন। এরপর থানায় কেউ এ ঘটনায় অভিযোগ দায়ের করেননি। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
