বিএনপি মনোনীত ধানের শীষের দুই মেয়র প্রার্থী গতকাল জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে নগরীর উত্তর ও দক্ষিণে নিজ নিজ এলাকায় গণসংযোগ চালিয়েছেন। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মিছিলে কর্মী সমর্থকরা ভোট চাওয়ার পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গতকাল আজিমপুর মোড়ে নির্বাচনি গণসংযোগ শুরুর সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, আমি মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করব। এ লক্ষ্যে সিটি করপোরেশনের যে ৫২টি প্রতিষ্ঠান আছে সবগুলোকে একসাথে নিয়ে কাজ করব। তিনি বলেন, শিক্ষা খাত দুর্নীতিমুক্ত করার জন্য শুধুমাত্র সরকারের সদিচ্ছা প্রয়োজন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ। নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণের সময়ই নির্বাচন কমিশনের উচিত ছিল হিন্দু ধর্মাবলম্বীদের পূজার বিষয়টা বিবেচনা করা। তাহলে আজকে নির্বাচনের তারিখ পরিবর্তনের কারণে শিক্ষার্থীদের যে বিপাকে পড়তে হয়েছে, সেটা হতো না। তারপরও দেরিতে হলেও নির্বাচন কমিশন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানের বিষয়টি বিবেচনা করে নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে। এ সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই।
গতকাল দুপুরে মিরপুর বিআরটিএ এলাকায় গণসংযোগকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, আর বিতর্ক নয়, এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা নির্বাচন কমিশনের পদক্ষেপ দেখতে চাই। তাবিথ আউয়াল বলেন, নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা থেকেই বিতর্ক সৃষ্টি করেছে। আমরা এখনো দেখতে চাই নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে কি কি পদক্ষেপ নেয়। তিনি বলেন, সরস্বতী পূজা উপলক্ষ্যে নির্বাচন ২ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। একই সাথে এসএসসি পরীক্ষাও পিছিয়েছে, যে কারণে পরীক্ষার্থীরা মনোক্ষুণ্ন হতে পারে। তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী প্রমুখ।
