ভারতে হিন্দুত্ববাদীদের তোপের মুখে নাসিরউদ্দিন শাহ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৫

ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভের জেরে রাজস্থানের আজমির শহরে বাতিল করে দেওয়া হয়েছে অভিনেতা নাসিরুদ্দিন শাহের অনুষ্ঠান। সাহিত্য উত্সবে শুক্রবারই মূল ভাষণ দেওয়ার কথা ছিল নাসিরউদ্দিনের।

এক সাক্ষাতকারে নাসিরউদ্দিন বলেছিলেন, ভারতে একজন পুলিশ অফিসারের মৃত্যুর থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে গরুর মারা যাওয়ার ঘটনা। তারপর থেকেই দক্ষিণপন্থী এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো তার ব্যাপক সমালোচনা শুরু করে। শুক্রবারও আজমির সাহিত্য উত্সব চত্বরে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা যুব মোর্চাসহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা তার বিরুদ্ধে বিক্ষোভ করে। উত্সবের কর্মকর্তা সোমরতন আরিয়া জানিয়েছেন, হাঙ্গামার পরে আমরা ঝুঁকি না নিয়ে তার অনুষ্ঠানটা বাতিল করে দিয়েছি।

ডিসেম্বরের গোড়ায় উত্তরপ্রদেশের বুলন্দশহরে গো-হত্যাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়ালে এক পুলিশ অফিসার নিহত হন। রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের একটি বৈঠকে বেশি গুরুত্ব দিয়েছিলেন যে কীভাবে গো-হত্যা হলো সেই তদন্তের ওপরে। আর পুলিশ অফিসারের মৃত্যুকে তিনি বলেছিলেন ‘দুর্ঘটনা’।

ইত্তেফাক/আরকেজি