টেকনাফে ইয়াবা নিয়ে অনুপ্রবেশকালে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০০:১৭

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশকালে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে কুতুপালং ক্যাম্পের মাদক কারবারি মো. আয়াস (২৫) নিহত হয়েছে। এই ঘটনায় সীমান্তরক্ষী বিজিবির তিন জন জওয়ান আহত হলেও ঘটনাস্থল হতে বিপুল পরিমাণ ইয়াবা বোঝাই নৌকা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে। 

সূত্র জানায়, রবিবার রাতের প্রথম প্রহরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির একটি বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে শিকল ঘেরা এলাকায় অবস্থান নেয়। নাফনদীর লালদ্বীপ হয়ে মিয়ানমার হতে আসা লোক নিয়ে নৌকা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করেন। তখন নৌকা হতে বিজিবিকে লক্ষ্য করে চালানো মাদক কারবারিদের গুলিতে বিজিবির তিন জন জওয়ান আহত হন। বিজিবি সদস্যরাও সরকারি সম্পদ এবং আত্মরক্ষার্থে পাঁচ-ছয় মিনিট পালটা গুলিবর্ষণ করলে নৌকার মাদক কারবারিরা মিয়ানমার সীমান্তে পালিয়ে যাওয়ার জন্য নদীতে ঝাঁপ দেয়।

পরে পরিস্থিতি শান্ত হলে ইয়াবার চালান বোঝাই নৌকা, একটি দেশি বন্দুক, এক রাউন্ড তাজা এবং এক রাউন্ড খালি খোসা ব্যাটালিয়ন সদরে এবং গুলিবিদ্ধ এক মাদক কারবারিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আহত বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য গুলিবিদ্ধ মাদক কারবারিকে কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত মাদক কারবারি উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের ব্লক-ডি-৪ এর বাসিন্দা বলে শনাক্ত করা হয়। পরে জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে গণনা করে ৬ কোটি ৬০ লাখ টাকা দামের ২ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। 

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সীমান্তে এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং সীমান্তে মাদক দমনে বিজিবি জওয়ানেরা আরো দায়িত্বশীল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।