যান্ত্রিক ত্রুটির কারণে বরিশাল বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। রবিবার বেলা ১১টায় উড়োজাহাজটি এসে পৌঁছালেও ১২টা ১০ মিনিটে নিয়মিত ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রীদের নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল; কিন্তু কারিগরি সমস্যার কারণে সেটি সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরিশালের ব্যবস্থাপক শহিদুল আলম। তিনি জানান, ঢাকা থেকে এক্সপার্টরা বরিশালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। তারা এসে সমস্যা দেখে এর সমাধান করবেন। পাশাপাশি বিমানের ফ্লাইটের রি-শিডিউইল করা হয়েছে সোমবার সকাল ৯টায়। যে সব যাত্রী সেই ফ্লাইটে যেতে আগ্রহী তাদের নিয়ে যাওয়া হবে, বাকিদের টিকিট ফেরত দেওয়া হবে। উড়োজাহাজটি ঢাকা থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বরিশালে এসে পৌঁছালেও কারিগরি সমস্যার কারণে ২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।
