ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এর অবসরপ্রাপ্ত প্রকৌশলী অ্যাসোসিয়েশন কর্তৃক প্রতি বছরের ন্যায় “উপকূলীয় অঞ্চলের উন্নয়ন শীর্ষক” এক সেমিনার অনুষ্ঠিত হয়। (অব.) ইঞ্জি. খালেদা শাহরিয়ার কবিরের সভাপতিত্বে হওয়া এই সেমিনারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নদীভাঙন, সাইক্লোনের প্রভাব, জনগণের আর্থ-সামাজিক ক্ষতি, বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশকে সমৃদ্ধ করা উপকূলীয় অঞ্চলের বিদ্যমান সমস্যার সমাধান ছাড়া সম্ভব না। কেনানা অবকাঠামোগত উন্নয়ন যতোই হোক, তা যদি দুর্যোগের হাত থেকে রক্ষা না পায় তবে তা জনগণের জন্য সুফল বয়ে আনতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক কে এম আনোয়ার হোসেন বলেন, পানি আইনের জন্য এখন আমাদের কাজের কাঠামোতে স্বকীয়তা এসেছে এবং সিইআইপি নামক প্রকল্পে আমরা উপকূলীয় অঞ্চলের ১৭টি ক্ষতিগ্রস্ত পোল্ডার মেরামতে কাজ করছি।—প্রেস বিজ্ঞপ্তি
