শেষ হলো দেশ-বিদেশের সিনেমা দেখার অনন্য আয়োজন অষ্টাদশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। সেসব চলচ্চিত্রের মধ্য থেকে বিচারকদের রায়ের ভিত্তিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হলো উত্সব। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ইরানের চলচ্চিত্র ‘ক্যাসেল অফ ড্রিমস’ (ঘাসরে শিরিন)। এ ছবির পরিচালক মিরকারিমি রেজা জিতে নিয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। জুরিদের বিশেষ পুরস্কার অর্জন করেছে শ্রীলঙ্কার চলচ্চিত্র ‘চিলড্রেন অফ দি সান’ (গাডি), শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন ফিলিপাইনের অভিনেতা লুইস অ্যাবুয়েল আর শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত হয়েছেন তিন জন। আফগানিস্তান, ইরান ও ফ্রান্সের যৌথ প্রযোজনার ছবি শাহরা করিমি ছবিতে অভিনয়ের জন্য আরেজু আরিয়াপুর, ফেরেশতা আফসার ও হাসিবা এব্রাহিমি। বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘ন ডরাই’ জিতে নিয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। আর সিনেমা অফ দি ওয়ার্ল্ড বিভাগে শ্রেষ্ঠ দর্শকনন্দিত চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ভারতের অঞ্জন দত্ত পরিচালিত চলচ্চিত্র ‘ফাইনালি ভালোবাসা’। উইমেন্স ফিল্ম মেকার সেকশনে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মেক্সিকোর সান্ড্রা রাইনোসো নির্মিত ছবি ‘ভিডিও টেপ’ জিতে নিয়েছে বিশেষ পুরস্কার। একই বিভাগে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পুরস্কার জিতেছে রাশিয়ার দারিয়া বিনেভসকায়া নির্মিত ছবি ‘মাই নেম ইজ পিতায়া’। একইভাবে শ্রেষ্ঠ ফিচার ফিল্ম পুরস্কার পেয়েছে পোল্যান্ডের ম্যালগোরজাতা ইমিয়েস্কা নির্মিত ছবি ‘অল ফর মাই মাদার’। স্পিরিচুয়াল বিভাগে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য পুরস্কার জিতেছে লুভরো মেরডেন নির্মিত ছবি ‘দ্য স্ট্যাম্প’। একই বিভাগে সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে চীনের ইয়েসির নির্মিত ছবি ‘কোয়ালি অ্যান্ড রাইস’। সমাপনী আয়োজনে উত্সবে প্রদর্শিত চলচ্চিত্রের মধ্যে থেকে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্রসহ পাঁচটি শাখার মোট ১১টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন উত্সব কমিটির নির্বাহী সদস্য ম হামিদ। স্বাগত বক্তব্য দেন উত্সব পরিচালক আহমেদ মুজতবা জামাল। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পাশাপাশি গান গেয়ে শোনান ভারতের নির্মাতা, গায়ক ও অভিনেতা অঞ্জন দত্ত।
