ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ছয় জনের জামিন চেয়ে করা আবেদনের ওপর আজ সোমবার হাইকোর্টে শুনানি হবে। একই সঙ্গে এ সময় পর্যন্ত তাদের গ্রেফতার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেয়।
প্রথম আলোর সম্পাদকসহ ছয় জনই আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তারা হলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহ পরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক। তাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ‘নিম্ন আদালতে যে ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে, সেটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে।’
