পশ্চিমবঙ্গে অবৈধভাবে বাস করা এক কোটি বাংলাদেশি মুসলিমকে ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। গতকাল ২৪ পরগণায় এক সমাবেশে তিনি ভারতজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করা হবে বলে জানান। খবর আউটলুক ইন্ডিয়া ও ইন্ডিয়া টাইমসের
দিলীপ ঘোষ বলেন, যারা সিএএ’র বিরোধিতা করছেন তারা বাঙালিবিরোধী এবং ভারতের ধারণার বিরোধী। দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গে অবৈধভাবে বাস করা এক কোটি মুসলমান সরকারের দুই রূপির ভর্তুকির চাল খেয়ে বেঁচে আছে। আমরা তাদের ফেরত পাঠাবো। তিনি আরো বলেন, এসব অবৈধ মুসলিমরা রাজ্যে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। দিলিপ ঘোষ সিএএ’র বিরোধিতাকারী প্রখ্যাত ভারতীয়দের সমালোচনা করে বলেন, তাদের মন অনুপ্রবেশকারীদের জন্য কাঁদে। কিন্তু হিন্দু শরণার্থীদের বেলায় তাদের কোনো জবাব নেই। এটা দ্বিচারিতা। এর আগের দিন শুক্রবার হাওড়ায় বিজেপির অভিনন্দন যাত্রায় যোগ দিয়ে হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, আধার কার্ড, ভোটার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। প্রধানমন্ত্রী তিন চারমাস সময় দেবেন। তার মধ্যে প্রমাণ করতে হবে সব। মুখ্যমন্ত্রীর কথা শুনে তথ্য যদি না দেন, তাহলে সমস্যায় পড়তে হবে। বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো বিজেপির রাজ্য সভাপতি হন দিলীপ ঘোষ। গত ডিসেম্বরে ভারতে নাগরিকত্ব আইন সংশোধনের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ক্ষমতাসীন বিজেপি সরকার প্রণীত এই আইনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়েছেন বিরোধীরা।
