কৃষক হত্যায় একজনের যাবজ্জীবন, ৬ জন খালাস

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৫:৪৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষক আবদুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ সময় মামলার ৬ আসামিকে খালাস দেওয়া হয়। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন। জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডিত গিয়াস উপজেলার উদনপাড়া গ্রামের মৃত কাদের আলীর ছেলে। যারা খালাস পেয়েছেন তারা হলেন- দণ্ডিত গিয়াসের ভাই মন্তাজ মিয়া, তোফাজ্জল হোসেন, ভাতিজা দেলোয়ার হোসেন, ইমন হোসেন, কাউছার ও শফিক।

আরও পড়ুন: সিপিবির সমাবেশে বোমা হামলা, ১০ জঙ্গির মৃত্যুদণ্ড

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদি ছিদ্দিক মিয়ার মেয়ে হাজেরা খাতুনের কাছে গিয়াস টাকা ধার চাইলে তাদের বাক বিতণ্ডা হয়। এর জেরে ২০১২ সালের ১৭ আগস্ট আসামিরা লাঠিসোটা নিয়ে ছিদ্দিকের বাড়িতে এসে গালমন্দ করে। এতে বাধা দিলে আবদুর রশিদকে পিটিয়ে হত্যা করে গিয়াস। এ ঘটনায় মামলা হলে ২০১৩ সালের ২৮ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে গিয়াসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে আদালত অন্যদের খালাস দেন। 

ইত্তেফাক/এসি