আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেকই হয়নি আহসান আলীর। তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে তার বেশ নামডাক আছে। ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে। স্বপ্নপূরণের দুয়ারে দাঁড়িয়ে থাকা সেই আহসান জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। আহসান চান, অসামান্য পারফরম্যান্স দিয়ে দলে জায়গাটা পাকা করে নিতে। ২৬ বছর বয়সি এই উদ্বোধনী ব্যাটসম্যান বলেন,‘প্রথমত আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। আমি বড়ো একটা সুযোগ পেয়েছি। এটা আমার জন্য স্বপ্নপূরণের মতো একটা ব্যাপার। যখন দলে আমার নাম ঘোষণা করা হয়, তখন আমি খুবই রোমাঞ্চিত ছিলাম। সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। খুশিতে আমার ঘুমই আসেনি রাতে।’
বাংলাদেশ দল তিন দফায় পাকিস্তান সফর করবে। প্রথম দফায় খেলবে তিনটি টি-টোয়েন্টির সিরিজ। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। শেষ হবে ২৭ জানুয়ারি। সিরিজকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চলছে পাকিস্তানের প্রস্তুতি। সিরিজকে সামনে রেখে করাচির ডান হাতি ব্যাটসম্যান আহসান বললেন, ‘আমি কোনো রকম চাপ অনুভব করছি না। নিজের একটা লক্ষ্য স্থির করে ফেলেছি। আমি এমন পারফরম্যান্স করতে চাই যাতে করে দলে আমার জায়গাটা নিয়মিত হয়’। এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য প্রাথমিক দলের ক্যাম্পও শুরু হয়েছে পাকিস্তানে। দলে ডাক পেয়েছেন ১৯ ক্রিকেটার।
পাকিস্তানের প্রাথমিক টেস্ট স্কোয়াড:
আজহার আলী (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান (সিনিয়র), কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুসা খান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ ও উসমান খান শিনওয়ারি।
