প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভারত

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:২৬

সিরিজের শুরুটা ভালো না হলেও, শেষটা দারুণ হলো ভারতের। অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়ে দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে গেল বিরাট কোহলির দল। আর দারুণ জয়ে সিরিজ জয় নিশ্চিত করার পর উচ্ছ্বসিত দল। সিরিজ জয় নিশ্চিত করে কোহলি বলেন, ‘শেষবার যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলাম, সিরিজের শেষ তিনটা ম্যাচ আমরা হারি। আর এবার প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর শেষ দুই ম্যাচ জিতলাম। এটা খুবই স্বস্তি দিচ্ছে আমাদের। এমন প্রত্যাবর্তনে সন্তুষ্ট আপনাকে হতেই হবে। আমরা এখন শুধুই সামনে তাকাতে চাই, নিজেদের মধ্যে আরো উন্নতি আনতে চাই।’

গেল রবিবার ব্যাঙ্গালুরুতে স্টিভেন স্মিথের দারুণ সেঞ্চুরিতে ৫০ ওভারে ২৮৬ রান তোলে অস্ট্রেলিয়া। তবে সেই রানে জমেনি লড়াই। রোহিতের সেঞ্চুরি ও কোহলির সঙ্গে দারুণ জুটিতে ভারত জিতে গেছে ১৫ বল বাকি রেখে। প্রথম ম্যাচে ১০ উইকেটে উড়ে গিয়েছিল যে দল, সেই ভারতই পরের দুই ম্যাচে দারুণ জয়ে জিতে গেল সিরিজ। ফিরে আসার রহস্যটা জানালেন বিরাট। বললেন,‘গেলবারের চেয়ে এবারের অস্ট্রেলিয়া দলটা আরো ভালো। এবার ওদের মার্নাস (লাবুশেন), ডেভিড (ওয়ার্নার) ও স্টিভ (স্মিথ) আছে। বোলিং লাইন আপটা দারুণ, ফিল্ডিংও ভালো। আমরা এমন অবস্থায় শুধু নিজেদের কাজটা ঠিকমতো করেছি। আমরা নেটে দারুণ পরিশ্রম করেছি। আমাদের মানসিকতা ছিল পরিষ্কার। প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরও আমরা দুশ্চিন্তায় ভুগিনি। আমরা খেলাটাকে উপভোগ করেছি, যেকোনো পরিস্থিতিতে ইতিবাচক ছিলাম। এটাই আমাদের এই অবস্থায় এনেছে।’

সিরিজ নির্ধারণী ম্যাচটা আক্ষরিক অর্থেই ছিল একগাদা রেকর্ডের ম্যাচ। ব্যাঙ্গালুরুতে ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। আর এর মধ্য দিয়ে তিনি সেঞ্চুরির সংখ্যায় ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়াকে। সাবেক এই লঙ্কান অধিনায়কের ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যা ২৮টি। রোহিতের ওপর আছেন কেবল তিন জন—শচিন টেন্ডুলকার (৪৯টি সেঞ্চুরি), বিরাট কোহলি (৪৩টি সেঞ্চুরি) ও রিকি পন্টিং (৩০টি সেঞ্চুরি)। এই ম্যাচ দিয়েই রোহিত ওয়ানডেতে ৯ হাজার রান পূর্ণ করেছেন। তার লেগেছে মাত্র ২১৭টি ইনিংস। তার চেয়ে দ্রুত এই মাইলফলকে পৌঁছেছেন কেবল বিরাট আর এবি ডি ভিলিয়র্স ৯ হাজার রান করেছেন। বিরাটের ১৯৪ ও ভিলিয়ার্সের ২০৫ ইনিংস লেগেছে।

ম্যাচে অধিনায়ক হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করার অনন্য কীর্তি গড়েছেন বিরাট। তিনি ১৯৯টি ইনিংসে করেছেন ১১ হাজার ২০৮ রান। তার চেয়ে এক রানে পিছিয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও ধোনি অধিনায়ক হিসেবে ব্যাট করেছেন ৩৩০টি ইনিংসে।

একই ম্যাচে ওয়ানডেতে মাত্র তৃতীয় অধিনায়ক হিসেবে ৫ হাজারের ওপর রান করে ফেলেছেন বিরাট। আগে এই মাইলফলকে পৌঁছানো দুই অধিনায়ক হলেন রিকি পন্টিং ও ধোনি।