২০২৪ থেকে ২০৩১ অর্থচক্রে আইসিসি যে ইভেন্টগুলো আয়োজন করবে, তা নিয়ে অনুষ্ঠিত হবে উন্মুক্ত নিলাম। আর এই নিলামে সমর্থ সদস্য দেশগুলো যেন অংশ নেয়, সেটা নিশ্চিত করতে এখন বিভিন্ন দেশ সফর করছেন আইসিসির দুই কর্মকর্তা। রবিবার রাতে এই সফরে ঢাকা পৌঁছান আইসিসির প্রধান নির্বাহী ও বাণিজ্যিক বিভাগের মহাব্যবস্থাপক। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, টুর্নামেন্ট আয়োজন করলে এগুলোর লাভ-ক্ষতি দেখে তারা নিলামে অংশ নিতে পারেন। এগুলো নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে আইসিসির প্রধান নির্বাহী মানু সায়ানি ও বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক ক্যাম্পবেল জেমিসন বাংলাদেশ সফরে এসেছেন রবিবার রাতে। মানু ও ক্যাম্পবেল এক দিনের এই ঝটিকা সফরে বিসিবি কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে বৈঠক করেন তারা। এ ছাড়া গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা ছিল তাদের।
