এখনই উদ্যাপন নয় ক্লপ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:২৭

শেষ বাঁশি বাজতেই অ্যানফিল্ডে হাজির বায়ান্নো হাজার দর্শক সমস্বরে গাইলেন ‘আমরা লিগ জিততে যাচ্ছি...’। ৩০ বছর পর লিগ শিরোপাজয়ের কাছাকাছি থাকা লিভারপুল গত রবিবার রাতে নিজ মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় ২-০ গোলে। এরপর দর্শকদের এমন প্রতিক্রিয়ায় কোচ য়ুর্গেন ক্লপ উচ্ছ্বাস প্রকাশ করলেও জানালেন খেলোয়াড়দের মনোযোগটা ধরে রাখতে হবে মাঠেই।

চলতি মৌসুমের প্রথমপর্বেই ১৯টা দলের বিপক্ষে জয় তুলে নিয়েছিল অল রেডরা। তবে ইউনাইটেডের মাঠ থেকে ফিরেছিল ১-১ গোলের ড্র নিয়ে। এদিন তারই শোধ তোলে ক্লপের দল। ১৪ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোল দলকে এগিয়ে দেয়। এরপর অন্তিম সময়ে মোহামেদ সালাহর গোল ম্যানইউর কফিনে শেষ পেরেকটি ঠোকে।

লিভারপুল এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের চূড়ায় ১৬ পয়েন্টে এগিয়ে গেল। ২২ ম্যাচে ৬৪ পয়েন্ট অর্জন করেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির অর্জন ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটি আরো এক ম্যাচ হেরেছে। রবিবার বার্নলের বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরেছে তারা। ফলে ২৩ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট অর্জন করেছে দলটি, লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৯-এ।

নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এতবড়ো ব্যবধানে এগিয়ে থাকলে যে কেউই ভাবতে পারে লিগ জেতা হয়েই গেল বুঝি। ইউনাইটেডকে হারানোর পর লিভারপুল সমর্থকরাও তাই গাইলেন ‘আমরা লিগ জিতে গেছি’। কোচ ক্লপের প্রতিক্রিয়া, ‘তারা এটা গাইতেই পারে। তারা কী গাইবে তা আমি ঠিক করে দিতে পারব না। এ মুহূর্তে যদি তারা উত্ফুল্ল না হন তাহলে এটা অদ্ভুত এক ব্যাপারই হবে।’

তবে এ উদ্যাপন থেকে খেলোয়াড়দের বিরত থাকার নির্দেশই দিলেন লিভারপুল কোচ। ক্লপ বলেন, ‘সমর্থকেরা এ ধরনের স্বপ্ন দেখতে পারে, যা খুশি গাইতে পারে। আমরা যখন খেলি তখন তারা তাদের কাজটা করলেই হলো। কিন্তু সে উত্সবে আমরা অংশ নিতে যাচ্ছি না।’

এ জয়ের ফলে টানা ১৩তম জয় তুলে নেয় লিভারপুল। প্রিমিয়ার লিগে নিজের ২২তম ম্যাচে এসে ২১ নম্বর জয়টি তুলে নেওয়ার পরও তৃপ্ত নন ক্লপ, জানালেন আরো অনেক কাজই করা বাকি। তিনি বলেন, ‘আমরা এখানে কাজ করতে এসেছি, এমনই সরল ব্যাপারটা। মাঠের পরিবেশটা বেশ ইতিবাচক ছিল তবে আমি নিজের কাজে মনোযোগী থাকতে চাই। মঙ্গলবারে উলভসের বিপক্ষে খেলব আমরা। কেবল সেই ম্যাচেই আগ্রহ আছে আমার, আর কিছুতে নয়।’