জয়ে শুরু

বদলে যাওয়া বার্সার

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:২৮

লিওনেল মেসির একমাত্র গোলে গ্রানাদাকে হারিয়ে নতুন কোচ কিকে সেতিয়েনের শুরুটা দুর্দান্তভাবেই করল বার্সেলোনা। লা লিগার শীর্ষস্থান ফিরে পাওয়া এই জয়ের পর কাতালানদের নতুন কোচ জানালেন, শিষ্যদের পারফরম্যান্স সন্তুষ্টি দিয়েছে তাকে।

গত রবিবার রাতে নিজেদের মাঠে বার্সেলোনা শুরু থেকেই খেলছিল আধিপত্য নিয়েই। বলের দখল তো ছিলই, বল হারানোর পর ক্ষিপ্রগতিতে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেয়ার প্রবণতাও ছিল চোখেপড়ার মতো। বার্সা কিংবদন্তি ইয়োহান ক্রুইফের একনিষ্ঠ অনুসারী সেতিয়েন ফিরিয়ে এনেছেন পাসের পর এগিয়ে গিয়েও পরবর্তী পাসের বিকল্প সৃষ্টির কৌশল ‘পাস অ্যান্ড মুভ’ও, যা সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দের পরিকল্পনায় ছিল অনুপস্থিত।

বদলে যাওয়া খেলার ধরনে প্রথমার্ধেই বেশ ক’বার গোলের সুযোগ সৃষ্টি করে বার্সা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি সেতিয়েনের শিষ্যরা। শেষমেশ এ অপেক্ষার ইতি টানেন অধিনায়ক মেসি। আর্তুরো ভিদালের ব্যাকহিলে পা ছুঁইয়ে ফিফা বর্ষসেরা খেলোয়াড়টি গ্রানাদার জালে বল জড়ান। ফলে স্বাগতিকদের ১-০ ব্যবধানের জয় ও শীর্ষস্থানে ফেরা নিশ্চিত হয়।

ভাগ্যও অবশ্য কিছুটা সহায় ছিল লা লিগা শিরোপাধারীদের। ৬৭ মিনিটে গ্রানাদার একটি শট গোলপোস্টে প্রতিহত না হলে পয়েন্ট হারাতেও পারত তারা। তবে এছাড়া পুরো ম্যাচেই ছিল বার্সার আধিপত্য। এদিন বার্সার ১ হাজার ৫টি পাসের ৯২১টি ঠিকঠাক গিয়েছে সতীর্থের পায়ে। গার্দিওলা যুগ মিলিয়ে যা বার্সার তৃতীয় সর্বোচ্চ। এ ম্যাচে ৮২.৬ শতাংশ সময় বলের দখল ছিল মেসিদের পায়ে, শেষ বিশ বছরে এর চেয়ে বেশি বলের দখল কেবল আটবার ছিল বার্সেলোনার।

বার্সার দায়িত্ব পাওয়ার পরই সেতিয়েন জানিয়েছিলেন, বার্সেলোনার হয়ে সুন্দর ফুটবল খেলেই জিততে চান। এদিন বার্সেলোনার ছোটো ছোটো পাস খেলে রক্ষণ থেকে আক্রমণে যাওয়া মন ভরিয়েছে কোচ সেতিয়েনের। স্প্যানিশ কোচের ভাষ্য, ‘আমি মনে করি ম্যাচটা ভালোই ছিল।’

তবে প্রথমার্ধে গোল পাওয়া নিয়ে কিছুটা নারাজ বার্সা কোচ, ‘প্রথমার্ধে সম্ভবত দৃঢ়তার অভাব ছিল আমাদের। গ্রানাদা ভালোভাবে রক্ষণকাজটা করেছে, তাই ব্যাপারটা সহজ ছিল না। দিনটাও খুব ভালো ছিল না, বাতাস বইছিল, ফলে শুকনো মাঠে বল আটকে যাচ্ছিল।’ রক্ষণাত্মকভাবে দলের পারফরম্যান্সও সন্তুষ্টি দিয়েছে সপ্যানিশ এই কোচকে, ‘দুই অর্ধ মিলিয়ে কেবল দুটো শট হজম করেছিলাম আমরা। এ কারণে আমি খুশি। আমার মনে হয় আমরা অনেকগুলো কাজ ভালোভাবেই করেছি। আশা করব, ধীরে ধীরে আমরা আরো সাবলীল হয়ে উঠব এবং গোলমুখেও উন্নতি করব।’