মহিলা ফুটবল লিগ

শীর্ষস্থান ধরে রাখতে চায় যুবারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:২৯

জিম্বাবুয়ের বিপক্ষে এক উড়ন্ত জয় দিয়ে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। আজ পচেফস্ট্রুমে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এই দলটির বিপক্ষেও জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ দল। দলের অন্যতম ফাস্ট বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী বলছিলেন, তারা প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে চান এই ম্যাচে।

স্কটল্যান্ডসহ সবগুলো দলের বিপক্ষে জয় নিয়েই পরের রাউন্ডে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের। গতকাল এই লক্ষ্যের কথা পরিষ্কার করে বলছিলেন মৃত্যুঞ্জয়। তিনি বলছিলেন, ‘আমরা প্রতিটা ম্যাচই জেতার লক্ষ্যে খেলব। প্রথম ম্যাচেই তাই লক্ষ্য ছিল। আগামী ম্যাচেও সেটা লক্ষ্য থাকবে। আমরা আগামীকালও নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চাইব। গ্রুপে আমাদের যে অবস্থান আছে, সেটা ধরে রাখতে চাই।’

জিম্বাবুয়ের সাথে স্কটল্যান্ডের আরেকটা মিল হল, এই দুটো দলের বিপক্ষেই বিশ্বকাপের আগে কখনো খেলেনি বাংলাদেশ। তারপরও এই স্কটল্যান্ড দলটার কিছু ভিডিও ফুটেজ জোগাড় করেছে দল। আর সেগুলো দেখে মৃত্যুঞ্জয় বলছিলেন, এই দলটাকে তারা সমীহই করছেন, ‘তাদের সাথে আগে আমাদের কখনো খেলা হয়নি। তবে আমরা গতকালকে আইসিসির পেজে ওদের কিছু ভিডিও দেখছিলাম, আরো কিছু ভিডিও আছে আমাদের কাছে। ওরা ভালো খেলে। আমরা ওদের সম্মান করে খেলব। তবে আমরাও নিজেদের সেরাটা খেলতে চাইব।’

আজকে ম্যাচের ফলাফল পরের ব্যাপার। বাংলাদেশের এই ফাস্ট বোলার বলছিলেন, প্রথম ম্যাচে ভালো জয় পাওয়ার ফলে তারা টুর্নামেন্টটা খুব উপভোগ করছেন। তিনি বলছিলেন, ‘আমাদের অনুভূতি এখন তো খুব ভালো। বিশ্বকাপ তো একটা খেলোয়াড়ের জীবনে বেশি আসে না। আর আন্ডার নাইনটিন বিশ্বকাপ তো দুটোর বেশি খেলার সুযোগ নেই। সেখানে ভালো কিছু করতে পারলে সেটা খুব ভালো লাগে। প্রথম ম্যাচে আমরা খুব ভালোভাবে জয় পেয়েছি, এটা খুব ভালো লাগছে।’