নারী দলের শ্বাসরুদ্ধকর জয়

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৩০

ভারতের পাটনায় বাংলাদেশ নারী দলকে বড়ো পরীক্ষার মুখে ফেলেছিল থাইল্যান্ড। যদিও, শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ বলে দুই উইকেটের জয় পেয়েছে সালমা খাতুনের দল। চলমান চারদলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিন ম্যাচে এটা বাংলাদেশের দ্বিতীয় জয়।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে থাইল্যান্ড নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১২০ রান করে থাইল্যান্ড। দলের হয়ে নাট্টাকান চ্যান্টাম করেন সর্বোচ্চ ৬০ রান।

জবাব দিতে নেমে ওপেনার শামিমা সুলতানা ৩৮ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সানজিদা ইসলাম ২১ ও নিগার সুলতানা ১৫ রান করেন। তবে, জয় আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে। তিনি ১৩ বলে চারটি চারে ২৮ রান করে অপরাজিত থাকেন। শেষ বলে তার হাঁকানো চার থেকেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।