রৌমারীতে শীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৩৩

রৌমারীতে তীব্র শীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। গত ১৪ হতে ১৯ জানুয়ারি পর্যন্ত এসব শিশু ও বৃদ্ধকে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। তবে আক্রান্তদের মধ্যে শিশুই বেশি।

রৌমারী হাসপাতালে চিকিত্সাধীন উপজেলার চত্লাকান্দা গ্রামের কফিল উদ্দিন বলেন, শুক্রবার রাত থেকে হঠাত্ বমি আর পাতলা পায়খানা শুরু হয়। আমি শনিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছি। অন্যদিকে ইছাকড়ি গ্রামের সামছুল আলম বলেন, রাতে খেয়ে ঘুমানোর পর হঠাত্ পেট ব্যথার সঙ্গে বমি আর পাতলা পায়খানা শুরু হয়। একই কথা বলেন, উপজেলার সোনাপুর গ্রামের শাহ আলমের ছেলে আলিফ (১৮), খাটিয়ামারী গ্রামের রিয়াজুলের ছেলে রফিয়াল হক (৭), চুলিয়ারচর গ্রামের রফিকুলের স্ত্রী মারুফা (২৫) ও সুতিরপাড় গ্রামের মিজানুরের মেয়ে হাসিনা (২৪)।

রৌমারী সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. অনুপ কুমার বিশ্বাস বলেন, গত এক সপ্তাহে শতাধিক ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং রোগী এখনো আসছেন। তবে আশা করা যায়, শীত কমে গেলে এসব রোগীর সংখ্যা কমে যাবে।