নিগ্রহের প্রতিবাদে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক কার্যক্রম বর্জন

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৩৬

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এবং তিন দিন একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শিক্ষকরা মানববন্ধন করেন। মানববন্ধনে তারা বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কয়েক জন শিক্ষক নিগ্রহের শিকার হয়েছেন এবং নিগ্রহ ক্রমাগত চলছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি খসরুল আলম, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সভাপতি আব্দুল্লাহ-আল-জোবায়ের, গণিত বিভাগের সভাপতি ড. দিপংকর কুমারসহ অনেকে নিগ্রহের শিকার হয়েছেন বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধনে শিক্ষক নিগ্রহের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষকরা এবং নিগ্রহের প্রতিবাদ হিসেবে ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।