কালিয়ায় ইটভাটা থেকে শিকলবন্দি যুবক উদ্ধার

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৩৬

নড়াইলের কালিয়া উপজেলার বড়নালে অবস্থিত এস এম বি ইটভাটা থেকে সালাউদ্দিন গাজী (২৭) নামের এক শ্রমিককে রবিবার রাতে উদ্ধার করেছে পুলিশ।

 অভিযোগ, শিকলে বেঁধে ৪৯ দিন ধরে তাকে নির্যাতন করেছে ইটভাটার মালিক। পুলিশ ভাটার মালিক কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মল্লিককে রাতেই আটক করে। উদ্ধারকৃত শ্রমিক সালাউদ্দিনের বাড়ি খুলনার কয়রা উপজেলার কয়রা বাজার এলাকায়। কালিয়া সার্কেলের এএসপি রিপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩০ নভেম্বর বরিশালের মুলাদী থেকে র্যাব পরিচয়ে সালাউদ্দিনকে অপহরণ করে এনে সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামের ভাটায় শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালাতো চেয়ারম্যান ও তার লোকজন। সালাউদ্দিনের শ্বশুরের কাছে ভাটার মালিকের পাওনা টাকাকে কেন্দ্র করে সালাউদ্দিনের ওপর নির্যাতন চালানো হতো বলে পুলিশ জানিয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মল্লিকসহ সাত/ আট জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।