কুমিল্লায় নারীসহ ১১ ডাকাত গ্রেফতার

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৩৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকা থেকে রবিবার সন্ধ্যায় এক নারীসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহূত মাইক্রোবাস, মোটরসাইকেল এবং লুণ্ঠিত নগদ টাকা ও মালামাল উদ্ধার করা হয়। সোমবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় রংপুরের বদরগঞ্জের শাহীন আলম চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে ডাকাত দলের তিন সদস্য তার ওপর হামলা চালায় ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়। ঐ ব্যক্তির চিত্কারে প্রথমে স্থানীয়রা ও পরে সড়কে টহলরত পুলিশ ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে। পরে খবর পেয়ে মাইক্রোবাসযোগে আরো আট ডাকাত ঐ তিনজনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এ সময় চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক টিম ব্যারিকেড সৃষ্টি করে ডাকাত দলের একজন নারীসহ ঐ ডাকাতকে গ্রেফতার করে।