হবিগঞ্জ সদর উপজেলার রিচি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত ছাত্রী জেরিন আক্তার মারা গেছে। রবিবার সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। শনিবার স্কুলে যাওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশার ধাক্কায় সেসহ আরো তিন শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক জেরিনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। জেরিন লুকড়া ইউনিয়নের ধল গ্রামের আব্দুল হাই মিয়ার মেয়ে ও উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এদিকে, জেরিনের মৃত্যুর ঘটনায় তার সহপাঠীরা রবিবার হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
