ভোলার চরফ্যাশনে বালুবাহী জাহাজ থেকে বেল্লাল হোসেন (২৮) নামের এক সুকানি নিখোঁজের ঘটনায় জাহাজটির তিন মালিকসহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার রাতে নিখোঁজ বেল্লালের ভাই মাহাবুব হাওলাদার বাদী হয়ে হত্যার পর লাশ গুমের অভিযোগ এনে শশীভূষণ থানায় মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।
মামলায় আসামিরা হলেন—জাহাজ মালিক মানিক হাজারী, সোহান সিকদার ও মানিক সিকদার এবং জাহাজের স্টাফ আকতার হোসেন, সুজাউদ্দিন, এমরান ও ওমরকে আসামি করা হয়েছে। এরই মধ্যে জাহাজের স্টাফ মামলায় অভিযুক্ত আকতার হোসেন, সুজাউদ্দিন, এমরান ও ওমরকে গ্রেফতার করে ঐ দিনই আদালতে সোপর্দ করেছেন পুলিশ। শশীভূষণ থানার ওসি মো. মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
