চাটমোহরে বাকাসসের কর্মবিরতি
চাটমোহর (পাবনা) সংবাদদাতা বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) পদ পরিবর্তনসহ বেতন গ্রেড বৃদ্ধির দাবিতে সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাটমোহরে কর্মবিরতি শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত সহকারীরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এ সময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধান সহকারী আ. রহমান ও ভূমি অফিসের মো. মিজানুর রহমান।
গঙ্গাচড়ায় পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়া উপজেলা পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা সোমবার অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও জানো প্রকল্পের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি তাসলীমা বেগম। জানো প্রকল্পের মাধ্যমে পুষ্টি সম্পর্কিত বিগতদিনের বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করেন জানোর এপিএম ও পুষ্টি কমিটির সদস্য রেজওয়ানুর রহমান রেজা।
শেরপুরে জনসচেতনতামূলক আলোচনা সভা
শেরপুর (বগুড়া) সংবাদদাতা শেরপুরে কুন্দারহাট হাইওয়ে পুলিশ রিজিয়ন বগুড়ার আয়োজনে সোমবার জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদউল্লাহ্। শেরপুর ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আজিজার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শেরপুর ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. ইউসুফ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার হাইওয়ে বগুড়া সার্কেল মো. রায়হান ইবনে রহমান প্রমুখ।
ঝিনাইদহে আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে সোমবার সাত দিনব্যাপী আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলার আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস (উই) নামের একটি সংগঠন। উদ্বোধনী দিনে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রবিউল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার দেব ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু।
বঙ্গবন্ধু কলেজে অভিভাবকদের মতবিনিময়
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ডলি রানী চৌধুরী, এ কে এম কামরুল হাসান ভুঁইয়া, অর্পনা রানী দেব, সাংবাদিক আবুল হোসেন, শিক্ষার্থীদের অভিভাবক সজিব দাস, মনিরুল ইসলাম, পেয়ার আহমেদ ও তাসলিমা আক্তার।
কুটিরশিল্প পণ্যমেলা উদ্বোধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি আয়োজিত বস্ত্র, হস্ত ও কুটিরশিল্প পণ্যমেলা শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় ডি এম একাডেমী মাঠে মাসব্যাপী এ মেলা উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উপস্থিত ছিলেন সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পৌর মেয়র আবদুর রহমান মিয়া, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।
আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে সোমবার আইনশৃঙ্খলা কমিটি ও প্রশাসনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রকৌশলী মুহীবউল্লাহ প্রমুখ।
মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে রবিবার রাতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ইউনিটির সভাপতি শাহ জামালের সভাপতিত্বে প্রস্তাব সমর্থনের মাধ্যমে শাহ জামালকে (ইত্তেফাক/একাত্তর টিভি/নিউ নেশন) সভাপতি এবং ফরিদুল ইসলামকে (বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির নির্বাচিত অন্যরা হলেন: যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোত্তাছিম বিল্লাহ, অর্থবিষয়ক সম্পাদক জিল্লুর রহমান রতন, প্রচার সম্পাদক ছামিউল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান সোহাগ মাস্টার প্রমুখ।
নিরাপদ ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতে সেমিনার
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালীতে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে সোমবার প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক এই প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নাহিদ ফারজানা সিদ্দিকী। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাহামুদ হোসেন প্রমুখ।
দুর্গাপুরে স্মরণ সভা
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা কংস সাহিত্য সাংস্কৃতিক আসরের আয়োজনে রবিবার সন্ধ্যায় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কবি মুশাররাফ করিমের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় কবি এনায়েত কবিরের সভাপতিত্বে কবির লিখা বিভিন্ন কবিতার পংক্তিমালা নিয়ে আলোচনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, প্রভাষক আবু সাদেক প্রমুখ।
সফটওয়ার ও বায়োমেট্টিক হাজিরা বিষয়ক কর্মশালা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে সোমবার স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে সফটওয়ার ও বায়োমেট্টিক হাজিরা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম প্রমুখ।
কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন
নেত্রকোনা প্রতিনিধি জেলা প্রশাসনের কর্মচারীদের পদবি ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় সোমবার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নেত্রকোনা জেলা শাখা। নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনে কর্মরত সব কর্মচারীর অংশগ্রহণে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাখাওয়াত জাহান খান, যুগ্ম সম্পাদক নয়ন চক্রবর্তী, দপ্তর সম্পাদক কবীর হোসেন প্রমুখ।
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সখীপুর উপজেলা শাখার কর্মচারীরা সোমবার কর্মবিরতি পালন করেছেন। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি—পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা অফিস চত্বরে অবস্থান ও সমাবেশ করেন। সংগঠনের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক বুদ্ধদেব সরকার ও কোষাধ্যক্ষ সাজেদুল ইসলাম সমাবেশে বক্তব্য রাখেন।
