নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র
ইত্তেফাক রিপোর্ট
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই এমন ২৩১টি শিল্প-কারখানা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একইসঙ্গে কেরানীগঞ্জের দক্ষিণ পার্শ্বে বুড়িগঙ্গা নদীতে ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয় বলে জানান রিটকারী সংগঠনের কৌঁসুলি আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি দাখিল করতে বলা হয়েছে। এসব শিল্প-কারখানা থেকে প্রতিদিনই তরলসহ নানা দূষিত বর্জ্য নদীতে পড়ছে।
গতকাল হাইকোর্টে দাখিলকৃত পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ জানুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা মহানগর এলাকায় এ পর্যন্ত মোট ২৩১টি ছাড়পত্রবিহীন ও এটিপি/ইটিপি বিহীন শিল্প-কারখানার তথ্য পাওয়া গেছে। এ দপ্তরের এনফোর্সমেন্ট শাখার শিডিউল পাওয়া গেলে ঐ সব কারখানা বন্ধের অভিযান পরিচালনা করা সম্ভব হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ২৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে বুড়িগঙ্গা নদীর তীর সংলগ্ন শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার মোট ১৮টি ছাড়পত্রবিহীন কারখানার বিদ্যুত্ ( কোনোটির গ্যাস সংযোগ) বিচ্ছিন্ন করে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল বলেন, কারখানা বন্ধে পরিবেশ অধিদপ্তরের চিঠি পাওয়ার পর ঐসব কারখানার পানি, বিদ্যুত্ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ওয়াসা, তিতাস ও ডিপিডিসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
