ইত্তেফাক রিপোর্ট
আচরণবিধি ভঙ্গ করে গভীর রাতে প্রচারণা চালানোর অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সহিদুল ইসলাম। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংক্রান্ত অভিযোগপত্রটি দাখিল করেন তিনি। একই বিষয়ে সোমবার সকালেই ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসার আবদুল বাতেনের কাছেও অভিযোগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও ইসির সিনিয়র সচিব মো. আলমগীরকে দেওয়া অভিযোগপত্রে সহিদুল ইসলাম বলেছেন, আমি ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। আমার নির্বাচনি প্রতীক ‘ঘুড়ি’। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদুল হাসান পলিনের স্থানীয় ও বহিরাগত মুখোশধারী কর্মীরা আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময় পার হওয়ার পর রাত ১২টা থেকে নির্বাচনি এলাকার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ভোটারদের ভয়ভীতি দেখান। ভোটের দিন কেন্দ্র দখল করে নেওয়ার প্রকাশ্য হুমকি দেয়। একই সঙ্গে তার নির্বাচনি প্রতীক উল্লেখ করে স্লোগান দিতে থাকে। মোটরসাইকেল মহড়া দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। এতে নির্বাচনি এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
অভিযোগপত্রে আরো বলা হয়েছে, দুপুর ২টার পর থেকে নির্বাচনি প্রচারণা শুরু করার বিধান থাকলেও মাইকিং শুরু হয় সকাল থেকে। রাত ৮টায় মাইকিং বন্ধ করার বিধান থাকলেও মাইকিং চলে গভীর রাত পর্যন্ত। নির্ধারিত সংখ্যার অনেক বেশি ক্যাম্প স্থাপন করে চালানো হচ্ছে প্রচারণা। এ বিষয়ে ইসি ও রিটার্নিং অফিসারের হস্তক্ষেপ চেয়েছেন কাউন্সিলর প্রার্থী সহিদুল ইসলাম। এ বিষয়ে দক্ষিণের রিটার্নিং অফিসার আবদুল বাতেন জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
