প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নানের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে প্রধানমন্ত্রী তার কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জাতীয় পতাকায় মোড়া আব্দুল মান্নানের কফিনে পুষ্পাঞ্জলি অর্পণের পর প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের পক্ষে আরেকবার শ্রদ্ধাঞ্জলি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে তার সামরিক সচিব সংসদ সদস্যের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপবৃন্দও কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে জাতীয় পার্টির (এ) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এমপি, শেখ সেলিম এমপি, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, মত্স ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এস এম কামাল হোসেন, বি এম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন। মরহুমের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
একাদশ জাতীয় সংসদে বগুড়া-১ (সরিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নান গত শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, সোনাতলা স্টেডিয়ামে গতকাল সোমবার বাদ জোহর বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের এমপি আব্দুল মান্নানের (৬৬) জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। অগণিত নারী-পুরুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে স্টেডিয়ামে ছুটে আসেন। সেখানে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এমপিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে আব্দুল মান্নানের কর্মময় জীবনের ওপর বক্তব্য দেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাংগঠনিক সম্পাদক ছাকোয়াত হোসেন শফিক প্রমুখ। জানাজায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম।
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা জানান, আব্দুল মান্নান এমপির লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। দ্বিতীয় জানাজা শেষে লাশ সড়ক পথে স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে নেওয়া হয়। এ সময় বক্তব্য দেন, আব্দুল মান্নান এমপির সহধর্মিণী সাহাদারা মান্নান শিল্পী, ছেলে সাখাওয়াত হোসেন সজল, আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সংসদ সদস্য হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার নজরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল খালেক দুলু প্রমুখ। বিকাল ৪টায় মরহুম আব্দুল মান্নান এমপির তৃতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
