ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য দুই-এক দিনের মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন নৌকার দুই মেয়র প্রার্থী। দুই মেয়র প্রার্থী বিরামহীন প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ঢাকাকে সবুজ শ্যামল নগর হিসেবে গড়ে তুলতে চান তারা। রাজধানীর খিলগাঁও রেলগেট সংলগ্ন বাটার মোড়ে নির্বাচনী প্রচারণার সময় ইভিএম প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ইভিএম সাদরে গ্রহণ করেছে ঢাকাবাসী। ঢাকার জনগণের মধ্যে এ ব্যাপারে কোনো শঙ্কা লক্ষ্য করিনি।
নিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অমূলক। বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করা যায়, তাই তারা করছে। তাদের উদ্দেশ্য ঢাকার উন্নয়ন নয়, তাদের নেত্রীকে মুক্ত করার স্লোগান তোলা। ঢাকাবাসী আমাকে নির্বাচিত করলে আমি তাদের সেবক হয়ে কাজ করব। ঢাকাকে একটি সবুজ শ্যামল নগর হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে ঢাকা তার ঐহিত্য ফিরে পাবে। এছাড়া নগরবাসীকে যানজটমুক্ত একটি শহর দিতে চাই। তাপস বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়নের কার্যক্রম চলছে। আশা করছি, দুই-এক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ ইশতেহার ঢাকাবাসীর কাছে প্রকাশ করতে পারব। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলসহ স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আতিকুলের প্রতিশ্রুতি: মেয়র পদে নির্বাচিত হলে ঢাকা ওয়াসাসহ সব সেবা সংস্থাকে সমন্বয় এবং জবাবদিহিতার মধ্যে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, মানুষের প্রত্যাশা সব সেবা সংস্থার কাজ তড়িত্গতিতে হোক, ভোগান্তি কম হোক। আমরা নির্বাচিত হলে সেটাই করব। সিটি করপোরেশনকে যেমন জবাবদিহিতার মধ্যে আনতে চাই, তেমনি ওয়াসাসহ সব সেবা সংস্থাকেও জবাবদিহিতার মধ্যে আসতে হবে। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, আমার প্রতিপক্ষ বলেছেন—আমি আচরণবিধি লঙ্ঘন করছি। উনি আচরণবিধি লঙ্ঘনের কথা বলবেন, আর আমি বলব কীভাবে এলাকার উন্নয়ন করা যায়। আমি কোনো অভিযোগ করতে চাই না, আমি চাই মানুষের সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে কথা বলতে। আপনাদের ভোটে যদি নির্বাচিত হই তাহলে অবৈধ সব দখল উচ্ছেদ করব। আতিকুল ইসলাম খিলক্ষেত রেলগেট এলাকা থেকে শুরু করে লেকসিটি, কনকর্ড, কুড়িল, যমুনা ফিউচার পার্ক, ভাটারা, ডুমনি, তলনা, প্যাতিরা, আশকোনা এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চান।
