গতকাল সোমবার সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার একাদশতম দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেন দলের শীর্ষ নেতাদের নিয়ে গণসংযোগ করেন। তাবিথের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও গণসংযোগে নামেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
অপরদিকে ইশরাকের সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।
সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরে বাইতুল মোশাররফ জামে মসজিদের সামনে গণসংযোগ শুরুর প্রাক্কালে তাবিথ আউয়াল তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাবেক মেয়র আতিকুল ইসলামের তিন মাসের মধ্যে যানজট নিরসনের প্রতিশ্রুতি প্রসঙ্গে বলেন, ৯ মাস মেয়রের দায়িত্বে থাকাকালে নগরীর যানজট নিরসন করতে দেখিনি, এখন তিন মাসে কী করবেন, সেটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন।
বিএনপি মহাসচিব তাবিথ আউয়াল ও ওই ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেনসহ (ঘুড়ি প্রতীক) বিপুলসংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উত্তর-পশ্চিম পাশ হয়ে আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে প্রচার চালান মির্জা ফখরুল ইসলাম।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সরকার দলীয় প্রার্থী আমার বয়স নিয়ে সমালোচনা করে। আমি তরুণ সমাজকে বলবো, আপনারা আমার সঙ্গে থাকেন, আমরা দেখিয়ে দেবো তরুণরাও পারে। তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তরুণরাই তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো। তাই যারা তরুণদের বয়স নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাদের দেখিয়ে দিতে চাই, আমরা তরুণরাও নেতৃত্ব দিতে পারি। গতকাল সোমবার প্রচারণা শুরুর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। আমি ঢাকার মেয়র ছিলাম, সাদেক হোসেন খোকাও ঢাকার মেয়র ছিলেন। তখন ঢাকা একটি গোছানো শহর ছিলো। তাই বলবো, আপনারা যোগ্য প্রার্থী ইশরাককে ভোট দিয়ে নির্বাচিত করেন। তাহলে সিটি করপোরেশন পরিচালনায় আমার যে অভিজ্ঞতা ও সাদেক হোসেন খোকার যে অভিজ্ঞতা তা সমন্বয় করে ইশরাক হোসেনের মাধ্যমে একটি সুন্দর শহর গড়ে তুলবো।
