আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি নালিশনির্ভর দলে পরিণত হয়েছে। যেকোনো ব্যাপারে অভিযোগ ও নালিশ করা তাদের মজ্জাগত হয়ে গেছে। সিটি নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া আর কেউ অভিযোগ করবে না। কারণ বিএনপির রাজনীতিই হচ্ছে অভিযোগ আর নালিশের। গতকাল সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘সিটি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রচারণা করছেন অথচ আমি পারছি না—এটা আমার জন্য কষ্টের; তবে আইন সংশোধনের দাবি তুলছি না।
ওবায়দুল কাদের বলেন, প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও জামিনের বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের কর্তৃত্বের বিষয়। এখানে সরকারের ইচ্ছা-অনিচ্ছার কোনো বিষয় নয়। সরকারের সঙ্গে দ্বন্দ্বেরও কোনো বিষয় নয়। সরকার কোনো হস্তক্ষেপ করেনি। বিচার বিভাগ স্বাধীন। জামিন দিলেও আদালত দেবে, মুক্তি দিলেও আদালত দেবে। আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল হচ্ছে বিএনপি। রাজপথের আন্দোলনে তারা সফলতা পায়নি। নির্বাচনেও পরাজিত ও ব্যর্থ হয়েছে। তারা নালিশনির্ভর দলে পরিণত হয়েছে। সেতুমন্ত্রী বলেন, ধানের শীষের পক্ষে ‘গণজোয়ার’—এটা বিএনপির দিবাস্বপ্ন। গণজোয়ার কার পক্ষে তা ১ ফেব্রুয়ারিতেই বোঝা যাবে। ভোট কারচুপির অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা ভোট কারচুপির কথা ভোট গণনা পর্যন্ত বলতে থাকবে। এটা তাদের পুরোনো অভ্যাস। চট্টগ্রাম ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে জিতেই গেছে। তার পরও দেখা গেছে তাদের প্রার্থী রাস্তায় বসে গেছে ভোট কারচুপির প্রতিবাদে।
