সাভারে নবজাতকসহ তিন জনের লাশ উদ্ধার

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২২:৪০

সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে এক নবজাতক, নির্মাণশ্রমিক ও এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নির্মাণশ্রমিক মমিনুর রহমান (৪৫) কুড়িগ্রাম জেলার সদর থানা এলাকার বালাপুর গ্রামের মৃত অলি মাহমুদের ছেলে, নারী পোশাক শ্রমিক শাহানাজ আক্তার (১৬) শরিয়তপুর জেলার সখিপুর থানার মিয়ারচর গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে। সে গাজীরচট আড়িআড়া মোড় এলাকার ফজলু বিশ্বাসের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আনজিরা গার্মেন্টে শ্রমিক হিসেবে কাজ করত।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় আশুলিয়ার নিরিবিলি এলাকার স্বপ্ন বিলাস প্রজেক্টের সপ্তমতলা বিশিষ্ট একটি নির্মাণাধীন ভবনে সাটারিংয়ের কাজ করছিলেন নির্মাণশ্রমিক মমিনুর রহমান। এ সময় চতুর্থতলা থেকে অসতর্কতাবশত সে নিচে পড়ে যায়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মমিনুরকে মৃত ঘোষণা করেন।

রবিবার রাত ১০টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার একটি ভাড়া বাড়ির নিজ কক্ষ থেকে শাহানাজ আক্তার নামে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে পরিবারের সঙ্গে অভিমান করে নিজ কক্ষের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এছাড়া আশুলিয়ার পল্লীবিদ্যুত্ পূর্ব ডেন্ডাবর এলাকার একটি নালা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশটি স্থানীয়দের তত্ত্বাবধানে দাফন করা হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ভবনে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে নির্মাণশ্রমিক ও ঝুলন্ত নারী শ্রমিক আত্মহত্যার ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।