সিইসির সঙ্গে বৈঠক, দেখলেন ইভিএম

আশা করি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হবে :মিলার

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২২:৪০

আসন্ন ঢাকা সিটি নির্বাচনে ভোটে অংশ নেওয়ার জন্য ভোটারদের কাছে আকুতি জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। ভোটারদের উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘দয়া করে অংশগ্রহণ করুন। হয়তো কিছু সময়ে নির্বাচন প্রক্রিয়াটি যথাযথভাবে কাজ করে না। কিছু সময়ে এটি গোলযোগপূর্ণ এবং অগোছালো হয়ে থাকে। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে নির্বাচন অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, সুষ্ঠু, উত্সবমুখর পরিবেশে, অবাধ এবং গ্রহণযোগ্য হবে’।

গতকাল সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন               কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান আর্ল আর মিলার। তিনি বলেন,‘আজ (গতকাল) যুক্তরাষ্ট্রে ছুটির দিন। কারণ ‘মার্টিন লুথার কিং ডে’। গণতন্ত্রে ক্ষমতা এবং যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মার্টিন লুথারের থেকে ভালো কেউ জানেন না। আর এ কারণেই আজ নির্বাচন কমিশনের সঙ্গে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা আশা করি যে এটি অংশগ্রহণমূলক হবে। যারা এ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, যারা ভোটে অংশগ্রহণ করতে চায় বা যারা প্রার্থী, তাদেরকে সে অনুযায়ী অংশগ্রহণ করতে দেওয়া হবে বলে আশা করি।’

আর্ল আর মিলার বলেন, এটি বেশ আশাব্যঞ্জক যে রাজনৈতিক দলের পক্ষগুলো তারা একে অপরকে যোগ্য প্রতিপক্ষ হিসেবে দেখছে। ফলে যেই জয় পান না কেন, তিনিই পরবর্তী ঢাকার নেতা হবেন। ঢাকার অধিবাসী হিসেবে এটি বেশ আশাব্যঞ্জক যা আমি নির্বাচন কমিশনের কাছ থেকে শুনেছি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করবে। যা আমরা গত জাতীয় নির্বাচনে করেছি। তারা নির্বাচনি পর্যবেক্ষক হবেন না, তারা মূলত কূটনৈতিক কোরের সদস্য হবেন। তারা নির্বাচনের দিন গণতান্ত্রিক প্রক্রিয়া দেখবেন।

ইভিএম দেখলেন মার্কিন রাষ্ট্রদূত : সিইসির সঙ্গে বৈঠকের পর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের পদ্ধতি দেখলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। দুপুরে তিনি নির্বাচন ভবনের চতুর্থ তলার ইলেকশন কন্ট্রোল রুমে ভোটের পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এ সময় মিলারকে ইভিএমে ভোটের প্রক্রিয়া দেখান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম, ইভিএম ব্যবহার শীর্ষক প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক (পিডি) লে. কর্নেল মো. কামালউদ্দিন। পরে মিলার ইভিএম প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, আমি ইভিএম দেখতে চেয়েছি। এ বিষয়ে (ইভিএম নিয়ে) বেশ কিছু শিখেছি। এখানকার কর্মকর্তারা আমাকে ইভিএম প্রক্রিয়ায় ভোটগ্রহণ নিয়ে ব্যাখ্যা করেছেন। এটি তারা ভোটারের কাছেও ব্যাখ্যা করেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোটারদেরও ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে, তারা যে প্রার্থীকেই ভোট দেন না কেন। আপনারা জানেন যে বাংলাদেশে ভোট প্রদানের হার প্রায়ই যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। যা প্রশংসা করার মতো। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল।