ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) এমবিবিএস শেষ বর্ষের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত দুইটার দিকে নগরীর বর্ণালী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা হলেন—বগুড়া সদরের খামারকান্দি এলাকার ইয়াকুব আলীর ছেলে আতিকুল ইসলাম ও সিরাজগঞ্জের শাহাজাদপুরের পুঠিয়া এলাকার সাহেব আলীর ছেলে মিরু আহম্মদ।
হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আহতরা বর্ণালী এলাকার একটি হোটেলে রাতের খাবার খেয়ে হোস্টেলে ফিরছিলেন। পথিমধ্যে একদল ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় আক্রান্তদের চিত্কারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকরা জানান, আতিকের পায়ে ১২টি এবং মিরুর পায়ে ছয়টি সেলাই লেগেছে। তবে উভয়ে বর্তমানে আশঙ্কামুক্ত।
উল্লেখ্য, গত ঈদুল আজহার দুদিন আগে বর্ণালী এলাকায় ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে রাজশাহী সিটি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
