আদালতের ভ্রমণ নিষেধাজ্ঞা উপক্ষো করে কলম্বো গেলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। সেখানে তার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাতের কথা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ক্ষমতার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে জোরালো সমর্থন আদায় করতেই তার কলম্বো সফর বলে মনে করা হচ্ছে। খবর আল-জাজিরার
গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রসহ ৫০টি দেশ সমর্থন দিলেও তিনি অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে মাদুরোর কাছে জয়ী হতে পারেননি। আদালত তার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে গত বছর। এরপর গত বছরের ফেব্রুয়ারি থেকে তিনি আর দেশের বাইরে যাননি। যদিও এর আগে একবার নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিলেন গুয়াইদো। মাদুরো গুয়াইদোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তায় দেশের মধ্যে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন।
ল্যাটিন আমেরিকা সফরের অংশ হিসেবে সোমবারই কলম্বোর রাজধানী বোগোতায় পৌঁছানোর কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। তিনি বলেছেন, গুয়াইদোই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট। জার্মানি থেকে কলম্বোর উদ্দেশ্যে যাত্রাকালে মাইক পম্পেও সাংবাদিকদের বলেন, ‘গুয়াইদোর সঙ্গে আমার সাক্ষাত্ হবে। মাদুরো খুবই ধ্বংসাত্মক। আমরা চাই ভেনেজুয়েলায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক যাতে মানুষ ভোট দিতে পারে’। গতকালই পম্পেওর সঙ্গে গুয়াইদোর বৈঠক হওয়ার কথা। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গুয়াইদো সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিতে পারেন। তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে সাক্ষাত্ করে মাদুরোর ওপর চাপ সৃষ্টির আহ্বান জানাতে পারেন।
