হামলার পেছনের শক্তি খুঁজতে ট্রুথ কমিশন

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০০:৩৪

সিপিবির সমাবেশে বোমা হামলার রায়ের প্রাথমিক প্রতিক্রিয়ায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেছেন, দীর্ঘ ১৯ বছর পর হলেও বিচার হওয়াটা সন্তোষের বিষয়। তবে বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। হামলার বিচার হয়েছে আইনগতভাবে। হরকাতুল জিহাদের কিলিং স্কোয়াড চিহ্নিত করা হয়েছে। কিন্তু এই হামলার পেছনে বিভিন্ন শক্তির যোগসাজশ ছিল। শুধু আইনগতভাবে নয়, বোমা-হামলার পেছনের অর্থনৈতিক-রাজনৈতিক-সামাজিক বিষয়গুলো বিশ্লেষণ করা প্রয়োজন। রাজনৈতিক শক্তির উপযুক্ত শিক্ষা গ্রহণ করা জরুরি কর্তব্য। এ জন্য উচ্ছ পর্যায়ের ট্রুথ কমিশন গঠন করতে হবে। গতকাল সোমবার এক যুক্ত বিবৃতিতে তারা এই দাবি জানান।

সিপিরি নেতৃদ্বয় বলেন, বোমা হামলায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা দুঃসহ জীবনযাপন করছেন। সিপিবি সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করছে। এসব পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তার ব্যবস্থা করতে হবে। তারা বলেন, সিপিবির মহাসমাবেশে বোমা-হামলা বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের সমাবেশে প্রথম বোমা-হামলা। এই জঘন্যতম বোমা-হামলার বিচারের জন্য নানা বাধা-বিপত্তি পার করে দেশবাসীকে সুদীর্ঘ ১৯ বছর অপেক্ষা করতে হয়েছে। এই হামলার যদি দ্রুতই বিচার হতো, তাহলে পরবর্তী বোমা-হামলাগুলো না-ও হতে পারত। আলোচিত এই বোমা-হামলার বিচারের জন্য শুধু দীর্ঘ সময় ক্ষেপণই করা হয়নি, উপরন্তু নানা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করা হয়েছে। শুধু দায়িত্বহীনতা, অবহেলাই নয়; সরকারের পক্ষ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়েছে।