ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশ আন্তর্জাতিক পরমাণু চুক্তিকে জাতিসংঘে নিয়ে গেলে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে ইরান। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এই হুমকি দিয়ে বলেন, তারা যদি আমাদের সঙ্গে যথাযথ আচরণ না করে, তাহলে আমরাও এনপিটি থেকে সরে দাঁড়াব। গত সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা জানান, ইরান ২০১৫ সালে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি লঙ্ঘন করছে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে যাবেন এবং পুনরায় নিষেধাজ্ঞা বলবত্ করার আহ্বান জানাবেন। এদিকে ইরান চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেবে না। কারণ দেশটির পররাষ্ট্রমন্ত্রী জারিফের কর্মসূচিতে পরিবর্তন আনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি জানিয়েছেন। —আল-জাজিরা
