যুক্তরাষ্ট্রে তিনটি বন্দুক হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। টেক্সাস, হাওয়াই ও মিসৌরিতে দুই জন করে ছয় জনের নিহতের খবর পাওয়া গেছে। টেক্সাসে বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। হাওয়াই দ্বীপপুঞ্জে বন্দুক হামলায় নিহত হয়েছেন পুলিশের দুই কর্মী। এছাড়া কানসাসে বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাত ৮টা নাগাদ টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের একটি মিউজিক ক্লাবে কনসার্ট চলাকালীন অতর্কিত হামলা চালায় অজ্ঞাত বেশ কয়েক জন বন্দুকধারী। ঘটনাস্থলেই দুই জন নিহত হন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দুটি দলের মধ্যে দ্বন্দ্বের কারণে এই হামলা হতে পারে। অন্যদিকে শনিবার হাওয়াই দ্বীপপুঞ্জে পুলিশের ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় এক বন্দুকধারী। সেই ঘটনায় পুলিশের দুই কর্মী নিহত হয়েছেন। মিসৌরির কানসাস শহরে পানশালার বাইরে বন্দুকবাজের হামলায় দুই জন নিহত হয়েছেন। রবিবার মধ্যরাতে এই হামলা হয়। —টাইম ও ইউএস নিউজ
