জাতীয় শ্রমিক লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ঘোষণা করার প্রতিবাদে এবং অনতিবিলম্বে উক্ত পদ থেকে অব্যাহতির ও নূরুল ইসলাম দিপুসহ ঘৃণিত খুনিদের দ্রুত ফাঁসির রায় কার্যকর দাবিতে গতকাল সোমবার সকাল ১১টায় চেরাগআলী এলাকায় টঙ্গী থানা ছাত্রলীগ ও গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
পরে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেন। অবরোধ শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবুর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. জাকির হাসান খোকন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, গাজীপুর মহানগর স্বে্চ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি হাজী নূর মোহাম্মদ মামুন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাসির উদ্দিন, গাজীপুর মহানগর নবীন লীগের সভাপতি এ কে এম পলাশ মাহমুদ, যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন, সাংগঠনিক সম্পাদক আয়শা আক্তার আশা, শিরিন আক্তার শিলা, মিলি আক্তার, শাহিদা কাদেরসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পরপর গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি টঙ্গী কালীগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে টঙ্গী বাজার মিতালী সিএনজি পাম্পে গিয়ে শেষ হয় এবং প্রতিবাদ সভার আয়োজন করে।
