শহীদ মিনারে শ্রদ্ধা ভালবাসায় সিক্ত আমজাদ হোসেন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৬

কেন্দ্রীয় শহীদ মিনারে ভক্তদের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়েছেন প্রয়াত চিত্র পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেন। শনিবার সকাল সাড়ে ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় কিংবদন্তি এ নির্মাতার মরদেহ। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তার প্রিয়জন ও চলচ্চিত্রের মানুষরা ছাড়াও সাধারণ মানুষেরও ঢল নামে শহীদ মিনারে।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষ হলে এটিএন বাংলায় নিয়ে আসা হবে। এরপর বাদ জোহর তার প্রিয় কর্মস্থল বিএফডিসিতে মরদেহ নিয়ে যাওয়া হবে। এফডিসিতে জানাজা শেষে, চ্যানেল আইতে নিয়ে যাওয়া হবে।

এরপর জামালপুর নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে গুণী এ নির্মাতার মরদেহ। আমজাদ হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মায়ের কবরের পাশে দাফন করা হবে তাকে।

আরো পড়ুন: চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন আর নেই

গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমজাদ হোসেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়া হয়েছিল তাকে।

ইত্তেফাক/মোস্তাফিজ