রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক বৃদ্ধা মারা গেছেন। তার নাম নূরজাহান বেগম (৬৫)। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৮টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নূরজাহান বেগমের স্বামীর নাম শামসুদ্দিন। তাদের বাসা গেন্ডারিয়ার ২৭/৫ নম্বর স্বামীবাগে। তার ছেলে মো. শহীদ জানান, গতকাল সন্ধ্যায় রায়েরবাগ এলাকায় তার বোন বেলা বেগমের বাসায় যাচ্ছিলেন তার মা নূরজাহান বেগম। তিনি শনির আখড়ায় মোল্লা কলেজের সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
