বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ টিকে থাকার জন্য সর্বশক্তি দিয়ে শেষ চেষ্টা করছে। কিন্তু তারা টিকে থাকতে পারছে না। যে কোনো মুহূর্তেই উধাও হতে পারে আওয়ামী লীগ।
শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরের ফাইভ স্টার মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সৈয়দপুর বিএনপির রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবদুল গফুর সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি বিলকিছ ইসলাম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিএনপি চেয়ারপার্সনের মুক্তি ও গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো। ভোটের দিন ভোট দিয়ে কেন্দ্র পাহাড়ায় থাকবেন। যাতে আপনাদের আমানত সুরক্ষিত থাকে।’
আরো পড়ুন : সিলেটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আদালত আর পুলিশ ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই। তাই মামলা ও হামলা বন্ধ করুন।
সৈয়দপুর নির্বাচনী প্রচারণা শেষে বিএনপি মহাসচিব পার্বতীপুর, চিরিরবন্দর ও দিনাজপুরে অনুরুপ সভা করবেন। এর আগে ইউএস বাংলার বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ইত্তেফাক/ইউবি
