‘চট্টগ্রামে মৃত, বন্দি ও প্রবাসীরা ভোট দিয়েছে’

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৬:০৮

নির্বাচন কমিশনের কাছে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন বাতিল করে সেখানে ব্যালটের মাধ্যমে পুনর্নির্বাচন দাবি করেছে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, চট্টগ্রামের নির্বাচনে মৃত মানুষের ভোট, প্রবাসীদের ভোট, জেলে থাকাদের ভোটও দেওয়া হয়েছে। ইভিএমে ভোট ডাকাতি হয় চট্টগ্রামের ভোটে তা প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করে বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল।  বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ১৭০ পোলিং স্টেশনের মধ্যে সবগুলোই দখল করে নিয়েছিল ক্ষমতাসীনরা।  ভোট কেন্দ্রের বাইরে চট্টগ্রাম বিভাগের মেয়র, কাউন্সিলর, আওয়ামী লীগ নেতাদের অবস্থান ছিল। অথচ  নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী কেন্দ্রে বাইরের কেউ থাকতে পারবে না ঘোষণা ছিল।

ইভিএমে ভোটে জালিয়াতি হলে চ্যালেঞ্জের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম-৮ আসনের ভোটে ভোটারদের কেন্দ্রে যেতে দেয়নি। যারা যেতে পেরেছে তারা আঙ্গুলের ছাপ দিয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, ভারতের চেয়ে ১১ গুণ বেশি টাকায় এখানে ইভিএম মেশিন কেনা হয়েছে। পাঁচ ছয়টি দেশে ইভিএম ব্যবহার হচ্ছে। সেখানে কমিশন বা সরকার প্রশ্নবিদ্ধ নয়। কিন্তু বাংলাদেশের কমিশন প্রশ্নবিদ্ধ।

ইত্তেফাক/জেডএইচ