বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপার সম্ভাবনার ক্ষেত্র সূচিত হয়েছে। তা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরে ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে।
শনিবার সকালে রাজধানীর কাকরাইলে বিজয় দিবস উপলক্ষে আইডিইবি আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ : বর্তমান প্রেক্ষাপটে করণীয় ও বিজয় ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশপ্রেম বিবর্জিত মানুষ ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হলেও সামষ্টিকভাবে গণমানুষের কল্যাণে আসে না। আমাদের বেছে নিতে হবে আমরা দেশপ্রেমিকদের সঙ্গে থাকবো, নাকি দেশপ্রেম বিবর্জিত স্বাধীনতা বিরোধীদের পক্ষে যাবো।
এ সময় তিনি বাংলাদেশের জন্মসৃষ্টিলগ্নে বিশ্বের প্রতিথযশা অর্থনীতিবিদদের উক্তি উল্লেখ করে বলেন, তাদের সকল শংকা উড়িয়ে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের উন্নয়নের অংশীজন হবার জন্য কোন রাজনৈতিক দলের সদস্য হবার প্রয়োজন নেই, ব্যক্তি সদিচ্ছা দিয়ে উন্নয়নের চিত্র মূল্যায়ন করতে হবে।
অধ্যাপক মান্নান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে অর্জিত উন্নয়ন-অগ্রগতির জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাঙালির বিকাশমান ধারার তিনটি কালকে মূল্যায়ন করলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মৌলবাদ, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ ও মাদক নির্মূলে শেখ হাসিনার নেতৃত্বই ভরসা।
আরও পড়ুন: সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫
ইত্তেফাক/এমআই
