সুনামগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে রাস্তা অবরোধ

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২১:৫০

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে এক ছাত্রীকে উত্ত্যক্তের বিচার না পেয়ে সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর বাজারে ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ঐ শিক্ষার্থীর সহপাঠী ও নীলপুর এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে মিছিলটি উত্ত্যক্তকারীদের বিচার দাবি করে সুনামগঞ্জ-সিলেট সড়কে অবস্থান নেয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই কবির আহমেদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

এ সময় দশম শ্রেণির শিক্ষার্থী পান্না আক্তারের পরিচালনায় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, শিক্ষার্থী শান্তনা আক্তার, তৃশমা আক্তার, রুবি আক্তার, মুক্তিযোদ্ধা ফজর আলী, আব্দুল মতিন প্রমুখ। তারা জানায়, স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে আনহার, ইয়াহিয়া ও ছাব্বির। গত ১৯ জানুয়ারি মেয়েটির বাবা এর বিচার চাইতে গেলে উলটো তাকে হয়রানি করে উত্ত্যক্তকারীদের পরিবার।