সাত বছরেও অসম্পন্ন প্রশাসন ভবনসহ বেশকিছু অবকাঠামোর নির্মাণকাজ

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২১:৫১

বেড়ার মেরিন একাডেমি

বেড়া (পাবনা) সংবাদদাতা

পাবনার বেড়ায় মেরিন একাডেমির নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। এর মধ্যে প্রকল্পের ব্যয় ও সময় বাড়ানো হয়েছে।

জানা গেছে, নৌখাতে দক্ষ জনবল গড়ে তুলতে পাবনা বেড়ায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের মেরিন একাডেমি। উপজেলার নগরবাড়ী ঘাটের পাশে নাটিয়াবাড়ী মৌজায় ১০ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এই মেরিন একাডেমি।

জানা গেছে, ২০১২ সালের নভেম্বরে নগরবাড়ীতে শুরু হয় মেরিন একাডেমির নির্মাণকাজ। প্রাথমিক পর্যায়ে ৯৬ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হলেও সংশোধিত বাজেটে তা ১০৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। ১০৬ কোটি টাকার এ প্রকল্প ২০১৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২০২০ সালের এক মাস চললেও তা বাস্তবায়ন হয়নি। এর মাঝে প্রকল্পের মেয়াদ বেড়েছে তিন দফায়। ব্যয় বাড়ানো হয়েছে আরো ৯ কোটি টাকা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সর্বশেষ মেয়াদ বাড়ানো হয় ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত। সে সময়েও কাজ শেষ হয়নি। ২০২০ এর জুন মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ।

সরেজমিনে নির্মাণাধীন মেরিন একাডেমিতে গিয়ে দেখা গেছে, মূল প্রশাসনিক ভবন ও ডরমেটরির কাজ অনেকটা শেষ। এছাড়াও সুইমিংপুল, মসজিদ, জিমনেসিয়ামসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর নির্মাণকাজ এখনো চলমান।

জিন্নাত আলী জিন্নাহ্ ঠিকাদার জানান, ডিপার্টমেন্ট আমাদের কাছ থেকে কাজ বুঝে নেবে, এই আশায় আছি। কারণ একটা কাজ কমপ্লিট করে ফেলে রাখলে পুনরায় আবার রং করতে হয় এতে আবার বাড়তি খরচ হয়।

মেরিন একাডেমির ইমারত নির্মাণের দায়িত্বে নিয়োজিত পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান খন্দকার জানান, একটি প্রকল্পের কাজে আমাদের তিনবার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকে। একাডেমিতে বহুতলবিশিষ্ট মোট ১০টি ভবন নির্মাণ করা হচ্ছে। এর ৯টি সম্পন্ন হয়েছে। বাকি একটির ভবন ও রাস্তার কাজ চলমান। তবে পাবনার মেরিন একাডেমির প্রকল্পের ব্যয়ের যে ১১৫ কোটি টাকা ধরা হয়েছিল, তা এখন অনুমান ১১০ থেকে ১১১ কোটি টাকার মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা করছি। দেশে চারটি মেরিন একাডেমির শিক্ষা কার্যক্রম একসঙ্গে শুরু হবে বলে কাজে একটু দেরি হচ্ছে। জুন-জুলাইয়ের মধ্যেই শিক্ষা কার্যক্রম শুরু করতে অসুবিধা হবে না।