কার্পেটিং উঠে গিয়ে যান চলাচল ব্যাহত

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২১:৫৪

বাটাজোর-শরিকল সড়ক

মো. জামাল উদ্দিন, গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর-শরিকল সড়কের কার্পেটিং উঠে গিয়ে চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় ছয় কিলোমিটারের সড়কটিতে বিভিন্ন স্থানে ভেঙে গেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার করা হচ্ছে না। যাতায়াতকারী স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সোমবার সকালে সরেজমিনে জানা গেছে, প্রতিদিন এ সড়কটি দিয়ে গৌরনদী উপজেলার বাটাজোর, শরিকল ও নলচিড়া ইউনিয়ন এবং বাবুগঞ্জ উপজেলার কয়েক হাজার বাসিন্দারা চলাচল করে থাকেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, প্রায় চার বছর পূর্বে জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হয়। পরবর্তীতে আর কোন সংস্কার কাজ না হওয়ায় পিচ-খোয়া উঠে গিয়ে সড়কের মধ্যে ছোটো-বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। অটোচালক জসিম হাওলাদার, আইয়ুব আলী ও ভ্যান চালক কুদ্দুস বলেন, রাস্তায় গাড়ি চালাতে খুবই সমস্যা হচ্ছে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আমাদেরও পরিশ্রম বেড়ে যায়।

শরিকল ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, সড়কের প্রতি কারো খেয়াল নেই। স্থানীয়দের চলাচলে খুবই সমস্যা হচ্ছে। গৌরনদী উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী মো. অহিদুর রহমান বলেন, বাটাজোর-শরিকল সড়কে পিচ-পাথর উঠে গেছে। সড়কটি সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে গৌরনদীর উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী বলেন, বাটাজোড়-শরিকল সড়কটির অবস্থা খুবই খারাপ। প্রতিদিন গাছ বোঝাই করে ভারী ট্রাক চলাচলের কারণে ঐ সড়কটির বেহাল হয়েছে। অচিরেই সড়কটি সংস্কার করা হবে।