বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সংকট!

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:০৮

ফেনী সদরসহ ছয় উপজেলা

 হাবিবুর রহমান খান, ফেনী প্রতিনিধি

ফেনী জেলা সদরসহ ছয় উপজেলায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।  ফেনী সদর উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান জানান, ফেনী সদর উপজেলায় ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। একই সঙ্গে ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষককের পদ শূন্য রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো:ফেনী সদর উপজেলায় পূর্ব সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর লালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ফরহাদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বেতাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানিয়া শহিদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন শূন্য রয়েছে।

এ ব্যাপারে ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করে যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য প্রজ্ঞাপন দেওয়ার ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।