দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা
জেলার দীঘিনালা উপজেলার বাকুছড়ায় চাঁদাবাজ ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ করেছেন কাঠ ব্যবসায়ীরা। কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে দীঘিনালাবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভে জেলা-উপজেলার কাঠ ব্যবসায়ীসহ এলাকার কয়েকশ মানুষ যোগ দেন। মঙ্গলবার সকালে বাবুছড়া বাজার এলাকায় ঐ মিছিলের আয়োজন করা হয়। জেলা কাঠ ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হাজি মো. জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম কর্মসূচিতে নেতৃত্ব দেন। সমাবেশে বাবুছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান।
এদিকে রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে রাঙ্গামাটিতে সাংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন।
