বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়: তোফায়েল

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৫:২৪

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‌‘বিএনপি অযৌক্তিকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এটা এখন তাদের চারিত্রিক বৈশিষ্টে পরিণত হয়েছে। মির্জা ফকরুল ইসলাম আলমগীর সব সময়ই অবাস্তব কথা বলেন। তারা নির্বাচন কমিশনকেও প্রশ্নবিদ্ধ করতে চায়।’ 

শনিবার দুপুরে ভোলা শহরের বাংলাস্কুল মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘২০১৩ সালে দেশে যখন সিটি কর্পোরেশন নির্বাচন হলো, ভোটের দিন বিএনপি বলছে কারচুপির মাধ্যমে তাদের হারিয়ে দেয়া হচ্ছে। পরে দেখা গেল বিএনপি জয় লাভ করেছে।’ 

ঐক্যফ্রন্টের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘নীতি ও আদর্শহীনদের নিয়ে জাতীয় ঐক্যফ্রোন্ট  গঠন করা হয়েছে। এই নীতি আদর্শহীন মানুষকে বাংলার জনগন পছন্দ করে না। জনগণ ৩০ তারিখে ব্যালেটের মাধ্যমে তাদের জবাব দিবে।’  

মন্ত্রী আরো বলেন, ‘২০১৪ সালে তারা পেট্রোল বোমা মেরে,  মানুষ খুন করে, মায়ের বুক খালি করে নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছিলো। এর আগেও তারা ২০০৮ ও ২০১০ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলো। কিন্তু তারা সফল হয়নি।’ 

তিনি বলেন, ‘সারাদেশে এখন নির্বাচনের আমেজ বিরাজ করছে। আমরা ঘরে ঘরে, গ্রামে গ্রামে মানুষের কাছে নির্বাচনের প্রচারণা চালাচ্ছি। দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ৩০ডিসেম্বর তাদের ভোট প্রয়োগ করতে প্রস্তুত রয়েছেন।’

এ সময় পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ভোলার দেীলতখান ও বোরহানউদ্দিন উপজেলার নৌকা প্রতীকের প্রচারণায় পৃথক দুটি পথসভায় বক্তব্য দেন। এছাড়া বিকেলে ভোলা-১ আসনের বিভিন্ন ইউনিয়নে ও পৌর এলাকায় গণ-সংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন। 

আরো পড়ুনঃ নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২১

এসময় তোফায়েল আহমেদ বলেনে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় থাকে, তখনই অবহেলিত এই জনপদের মানুষের উন্নয়ন হয়। পরিবর্তন আসে জীবন মানের। ইতোমধ্যে সরকারের একান্ত প্রচেষ্টায় এখানকার প্রধান সমস্যা নদী ভাঙ্গন রোধ করা গেছে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত করার জন্য ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিতে হবে।’

ইত্তেফাক/কেকে